ইস্পাহানি বেকারি ফ্রেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা আরিফিন শুভ

জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ইস্পাহানি বেকারি ফ্রেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। এ উপলক্ষে গত ২৬ অক্টোবর ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত ইস্পাহানি কর্পোরেট অফিসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি ফুডস লিমিটেডের পরিচালক ইমাদ ইস্পাহানি, ইস্পাহানি টি লিমিটেড এর মহাব্যবস্থাপক ওমর হান্নান, মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু এবং ইস্পাহানি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য প্রতিনিধিরা। এই চুক্তির আওতায় আরিফিন শুভ ইস্পাহানি বেকারি ফ্রেশে’র বিভিন্ন ব্র্যান্ড ক্যাম্পেইন, প্রচারণামূলক কার্যক্রম ও বিপণন উদ্যোগে অংশ নেবেন।

ইস্পাহানি গ্রুপের ঐতিহ্য ও সুনামের ধারাবাহিকতায় ইস্পাহানি বেকারি ফ্রেশ ভোক্তাদের কাছে মানসম্মত বেকারি পণ্য পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। আরিফিন শুভর জনপ্রিয়তা, ব্যক্তিত্ব ও তারকাখ্যাতি ব্র্যান্ডটির প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে ইস্পাহানি ফুডস লিমিটেড। তার সম্পৃক্ততার মাধ্যমে আরও বৃহত্তর পরিসরে ভোক্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং ব্র্যান্ডটির পরিচিতি বাড়ানোর প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরিফিন শুভ বলেন, 'ইস্পাহানির মতো একটি বৃহৎ, সুনামধন্য ও ঐতিহ্যবাহী ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। আশা করছি, ইস্পাহানি বেকারি ফ্রেশের সঙ্গে দারুণ কিছু কাজ করতে পারব। এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভোক্তাদের কাছে ব্র্যান্ডটিকে আরও সুন্দরভাবে তুলে ধরতে চাই।'

এই অংশীদারত্বের মাধ্যমে ইস্পাহানি বেকারি ফ্রেশের ব্র্যান্ড পরিচিতি আরও বিস্তৃত হবে এবং ভোক্তাদের সঙ্গে ব্র্যান্ডটির সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছে ইস্পাহানি ফুডস লিমিটেড।