তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী গ্রেপ্তার

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া সেই রহস্যময় তরুণী দিশাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন টঙ্গী নৌ পুলিশের পরিদর্শক ফিরোজ আহমেদ।

তদন্তকারী কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর রাতে নিখোঁজ হওয়ার আগে তাহসিফ সাউরি ও তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে গিয়েছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১০টা ১৭ মিনিটে তাহসিফ ও দীপের সঙ্গে ২৪-২৫ বছর বয়সী ওই তরুণীও (দিশা) মোটরসাইকেলে করে সেখানে আসেন। তারা বারে প্রায় দেড় ঘণ্টা সময় কাটানোর পর রাত ১১টা ৫১ মিনিটে একসঙ্গে বের হয়ে যান। এরপর থেকেই ওই রহস্যময় তরুণীকে খুঁজছিল পুলিশ।

তাহসিফের লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের পর তার বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে উত্তরখান থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

এই মামলায় তাহসিফের বন্ধু দীপকে প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং টঙ্গী নৌ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

দীপের দেওয়া তথ্যে নানাবিধ অসংগতি পাওয়ায় এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর দিশাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ঘটনার রাতে তাহসিফের শেষ মুহূর্তের অবস্থান ও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে নৌ পুলিশ।