মিয়ানমারের পাচারকালে বিপুল পরিমাণ সারসহ আটক ৯

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন খবর পেয়ে শনিবার (৩১ অক্টোবর) রাত ২টায় টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় কোস্ট গার্ড একটি জাহাজে  একটি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি নৌকা থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে নৌকাটি গভীর সমুদ্র হতে জব্দ করতে সক্ষম হয়। উক্ত নৌকা তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত নৌকা থেকে ৯ পাচারকারীকে আটক করা হয়।

জব্দ করা সার, পাচার কাজে ব্যবহৃত নৌকা ও আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।