ভোলার শহরের কাঁচাবাজারে জাল নোট দিয়ে কেনাকাটার চেষ্টার সময় শাহানাজ বেগম (৪২) নামে এক নারীকে আটক করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে তার কাছ থেকে প্রায় ৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে শহরের কিচেন মার্কেট কাঁচাবাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকালে বাজারে সওদা করার সময় শাহানাজ একটি জাল নোট দিয়ে কেনাকাটার চেষ্টা করেন। এ সময় নোটটি নিয়ে ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা তাকে আটক করে তল্লাশি চালান। পরে তার কাছে থাকা প্রায় সাত হাজার টাকার জাল নোট পাওয়া যায়।
খবর পেয়ে ভোলা সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক শাহানাজের দাবি, তিনি এসব টাকা তার স্বামী সাইফুলের কাছ থেকে সংগ্রহ করেছেন। তবে টাকাগুলো জাল, সে বিষয়ে তিনি জানতেন না বলে দাবি করেছেন। তাদের বাড়ি ভোলা শহরের কন্ট্রাক্টর বাড়ি সংলগ্ন এলাকায় বলে জানা গেছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাল নোটসহ আটক নারীকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা জাল নোটের উৎস এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ জাল টাকা তৈরি বা সরবরাহকারী চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।