হয়রানির অভিযোগ, সাঘাটায় এসিল্যান্ডের অপসারণ দাবি 

গাইবান্ধার সাঘাটা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্তকে দ্রুত অপসারণের দাবি স্থানীয় সচেতন নাগরিকরা। এ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তারা।

রবিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। সাঘাটা উপজেলার সচেতন নাগরিক’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন, আব্দুর রশিদ, আব্দুল মমিন ও সুমন মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, এসিল্যান্ড শ্রী রতন কুমার দত্তের কার্যালয়ে ভূমি সেবা নিতে গেলে ব্যাপক হয়রানি শিকার হতে হয়। তিনি সাধারণ মানুষকে কথায় কথায় ভ্রাম্যমান আদালতের ভয় দেখায়। এছাড়া এসিল্যান্ডের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ করেন বক্তারা। 

অবিলম্বে এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সাঘাটা থেকে দ্রুত তাঁর অপসারণ দাবি জানান তারা। 

অভিযোগের বিষয়ে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত মুঠোফোনে জানান, অনুমতি ছাড়া উপজেলার মুন্সিরহাট এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। বিষয়টি জানতে পেরে গত ২৯ অক্টোবর সেখানে অভিযান করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই ইসুকে কেন্দ্র করে একটি মহল আমার বিরুদ্ধে এই সব কর্মকাণ্ড করছে।



 

 

--