রিহ্যাবের কার্যক্রম পরিচালনায় বাধা নেই: হাইকোর্ট

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর কার্যক্রম সীমিত রাখার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে সংগঠনটির সব ধরনের কার্যক্রম পরিচালনায় আপাতত আর কোনো বাধা থাকছে না।

রবিবার (১ নভেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। গত ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা চিঠির কার্যকারিতা স্থগিত করে আদালত এ আদেশ দেন।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। রিট পিটিশন নম্বর ১০৪৩৬/২০২৬। আইনজীবী কামরুল বিন আজাদের ১ নভেম্বরের দেওয়া সনদপত্রে এ তথ্য জানানো হয়েছে।

সনদপত্রে বলা হয়, গত ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে রিহ্যাবের নিয়মিত কার্যক্রম ছাড়া যেকোনো ধরনের সভা ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এতে সংগঠনটির বোর্ড সভা, বার্ষিক সাধারণ সভা (এজিএম), মেলাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছিল।

ওই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। আইনজীবীর সনদপত্র অনুযায়ী, ১ নভেম্বর উভয় পক্ষের শুনানি শেষে আদালত বাণিজ্য মন্ত্রণালয়ের ১৭ অক্টোবরের চিঠির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত রাখার আদেশ দেন।

আদালতের এ আদেশের ফলে রিহ্যাবের সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে বোর্ড সভা, এজিএম ও মেলাসহ অন্যান্য কার্যক্রম পরিচালনায় ১৭ অক্টোবরের নির্দেশনার কারণে যে বিধিনিষেধ ছিল, তা আপাতত কার্যকর থাকছে না।

আইনজীবীর সনদপত্রে আরও বলা হয়েছে, হাইকোর্টের আনুষ্ঠানিক আদেশ যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হবে।