ঢাকার ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীসেবার মান উন্নয়নে রবিবার (১ নভেম্বর) থেকে ঢাকার নির্দিষ্ট ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে। বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিকভাবে পুরোনো বাসগুলোকেই নতুন করে রং করে এই নতুন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।

নতুন এই ব্যবস্থার অধীনে প্রাথমিকভাবে নির্দিষ্ট ছয়টি রুটে ছয়টি আলাদা কোম্পানির ব্যবস্থাপনায় বাস পরিচালিত হবে। মূল উদ্দেশ্য হলো একই রুটে একাধিক পরিবহন প্রতিষ্ঠানের প্রতিযোগিতা বন্ধ করা এবং যাত্রী ওঠানামার অসুস্থ মহড়া বন্ধ করে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে এই ছয়টি রুটে মোট ৮১৬টি বাস চলবে। এর মধ্যে ৭৯৬টি নন-এসি ও ২০টি এসি বাস রাখা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে রুটভেদে বাসের রং আলাদা রাখার পরিকল্পনা রয়েছে, যাতে সহজে নির্ধারিত রুটের বাস শনাক্ত করা যায়।

যে ছয়টি নতুন রুটে চলবে একক কোম্পানির বাস-

১.গাজীপুরের শিববাড়ী চৌরাস্তা থেকে আজিমপুরের ডাকেশ্বরী মন্দির ভায়া আব্দুল্লাহপুর;

২.মিরপুর চিড়িয়াখানা থেকে চুলকুটিয়া ভায়া সাইন্সল্যাব;

৩. মোহাম্মদপুরের বসিলার ঘাটার চর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত ভায়া শাহবাগ মৎস্য ভবন;

৪.মোহাম্মদপুরের বসিলা থেকে নারায়ণগঞ্জের চিটাগাং রোড কাঁচপুর ব্রিজ পর্যন্ত ভায়া সাইন্সল্যাব জিগাতলা

৫. মোহাম্মদপুরের ঘাটারচর থেকে আব্দুল্লাহপুরের ধউর ব্রিজ পর্যন্ত ভায়া মিরপুর-১০;

৬. টঙ্গী কলেজ গেট থেকে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত ভায়া আব্দুল্লাহপুর।