তাহসিফ হত্যা: দীপের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার আদালত দীপকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপের সম্পৃক্ততার কিছু প্রাথমিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। রিমান্ডে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তের স্বার্থে এ পর্যায়ে বিস্তারিত জানানো সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফ দীপের সঙ্গে ছিলেন।

তদন্তে আরও উঠে এসেছে, দীপ তাহসিফকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। তবে সেখান থেকে দীপ একাই ফিরে আসেন। এ বিষয়টি তদন্তকারীদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও দীপের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানান ওই কর্মকর্তা। আদালতে পাঠানো পুলিশের রিমান্ড আবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিনের স্বাক্ষরিত আবেদনে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে হত্যাকাণ্ডের সঙ্গে দীপের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্তের স্বার্থে তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে মামলার তদন্ত বিঘ্নিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয় আবেদনে।

এর আগে গত ২৯ অক্টোবর রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শুক্রবার গভীর রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এরপর ওই মামলায় দীপকে গ্রেপ্তার দেখানো হয়।

দীপের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন তাহসিফের বাবা

তাহসিফের বাবা এনায়েতুল করিম সাংবাদিকদের বলেন, দীপের সঙ্গে তাদের পরিবারের ঘনিষ্ঠতা ছিল। তিনি প্রায়ই তাদের বাসায় যাতায়াত করতেন এবং তাহসিফের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতেন।

এনায়েতুল করিম জানান, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ টঙ্গীতে যাওয়ার কথা স্বীকার করেছেন। তবে এর আগে তাকে দীপ জানিয়েছিলেন, তাহসিফকে তাদের বাসার কম্পাউন্ডে নামিয়ে দিয়ে এসেছেন। দীপের দুই ধরনের বক্তব্যের মধ্যে অসংগতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।

ছেলের স্মৃতিচারণ করে তিনি বলেন, তাহসিফ ছিলেন বন্ধুবৎসল ও সহযোগিতাপরায়ণ। তার সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। পরিবারের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসবে।

তাহসিফের মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তা কল্যাণ সমিতি (রাওয়া)। সংগঠনটির যুগ্ম সচিব লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু নওরোজ খুরশীদ আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল উত্তরায় তাহসিফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে।

খুরশীদ আলম জানান, তাহসিফের বাবা তাদের জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালাচ্ছে। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনা প্রকাশ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশা করছেন।

প্রতিনিধিদলের সদস্য মেজর (অব.) আল আমিন বলেন, রাওয়া পুরো তদন্তপ্রক্রিয়া পর্যবেক্ষণে রাখবে। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

অন্যদিকে, এ ঘটনায় বেশ কিছু প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটি এক বিবৃতিতে স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।

সংস্থাটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং মৃত্যুর পর পাওয়া তথ্যের মধ্যে অসংগতি রয়েছে। এসব বিষয়ে গুঞ্জন ছড়ানোর পরিবর্তে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা জরুরি। বিবৃতিতে আরও বলা হয়, হেফাজতে থাকা এক ব্যক্তির বক্তব্য অনুযায়ী, ইউনিফর্ম পরা কয়েকজন তাকে ধাওয়া করেছিলেন। তবে এ তথ্য পুলিশের দেওয়া ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

গত ২৮ অক্টোবর বিকেলে টঙ্গীতে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে ধারণ করা সিসিটিভি ফুটেজে এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে তাহসিফকে বের হতে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই যুবককে তাহসিফের বন্ধু দীপ হিসেবে শনাক্ত করেন।

২৯ অক্টোবর রাতে দীপকে হেফাজতে নেওয়ার পরদিন তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় পিবিআই নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করে।