কবিতা

কালো শার্টিনে মোড়ানো বিষাদ

নীল খামে পুরে
      বিষাদ পাঠালাম তোমাকে
কালো শার্টিনে মোড়ানো বিষাদ।
প্রাচীন জং ধরা ডাকবাক্সে, বৃষ্টি জলে ধোয়া অভিমান পাঠালাম
মৌনতার মিহি বুননে লেখা উপাখ্যানও দিলাম সাথে।
যার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে 
মানুষের অবিনাশী ক্রন্দন,
বিমূর্ত বেদনার আর্তচিৎকার।
নীদ্রাতুর চোখের স্পর্শে ফুটে ওঠা ভোরের হাওয়া  
সবটাই তোমাকে। 
পড়ে নিও
বুঝে নিও ঝড়ের আগাম বার্তায় কতটা উন্মুখ হতে পারে নির্জন দ্বীপ।
নিভৃত আলিঙ্গনে কতটা ভেঙেচুরে যায় বিমূর্ত বেদনার পাহাড়!
      আমার শুভ্র অনামিকায় জেগে ওঠা দুর্বিনীত প্রেম,
আমার দ্বিধার আকাশে বেজে ওঠা আজন্ম বিরহ সবটা নিংড়ে নিও
শুশ্রূষা দিও অবিরল,
ওষ্ঠে, গ্রীবায়, নিতম্বে চকিত সুখের প্রলেপ দিও, 
ভালোবাসার চন্দন জলে স্নান করিয়ে দিও,
শুদ্ধ করে দিও অন্তরাত্মা।