শাপলা চত্বরে হত্যাকাণ্ড: অভিযোগ গঠন শুনানি ১২ নভেম্বর

২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে ব্যাপক হত্যারকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ১২ নভেম্বর এ বিষয়ে শুনানি হবে। আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এদিন ধার্য করে।

আজ এ মামলার শুনানির দিন ধার্য ছিল। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম সাংবাদিকদের বলেন, এ মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে কারা কর্তৃপক্ষের একটি প্রতিবেদন দেখা যাচ্ছে তার (এ কে এম শহীদুল) শরীরিক অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এ কারণে আজকে অভিযোগ গঠন নিয়ে শুনানি হয়নি।   

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামি ৪১ জন। এর মধ্যে ১১ জন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগ সরকারের সময়ের মন্ত্রী আব্দুর রাজ্জাক, আব্দুল লতিফ সিদ্দিকী, দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকু, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, একই টেলিভিশন চ্যানেলের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং পুলিশের সাবেক ডিআইজি মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল। 

২০১৩ সালের ৫ মে আওয়ামী লীগ সরকারের সময় মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সেই রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মতিঝিল থেকে হেফাজতের নেতাকর্মীদের সরিয়ে দেয়। এ অভিযানের সময় আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। তদন্ত শেষে ৫৮ জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ অপর আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা।