পোশাকশিল্পের তরুণ নেতৃত্ব গড়তে অনুষ্ঠিত হলো ‘ইনস্পিরেশন’

বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকশিল্পের নতুন প্রজন্মের নেতৃত্ব বিকাশ এবং পেশাজীবীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আয়োজন ‘ইনস্পিরেশন—ইকো থ্রেডস অ্যান্ড ইয়ার্নসের সহযোগিতায়’। ডংগি সোর্সিং লিমিটেডের (ডিএসএল) উপস্থাপনায় এবং টেক্সটাইল ফোকাসের আয়োজনে এ অনুষ্ঠানে অংশ নেন শিল্পসংশ্লিষ্ট ৬৫০ জনের বেশি অতিথি ও অংশগ্রহণকারী।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনের নূরুল কাদের অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আয়োজনের মূল লক্ষ্য ছিল অভিজ্ঞ শিল্পনেতাদের সঙ্গে তরুণ পেশাজীবীদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা। পাশাপাশি শিল্পের ভবিষ্যৎ, নেতৃত্বের চ্যালেঞ্জ, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করা।

অনুষ্ঠানে বক্তব্য দেন শিন শিন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল সাদাত, বিকেএমইএর পরিচালক ও আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. ইশফাক আহসান সিআইপি, ডংগি সোর্সিং লিমিটেডের পরিচালক পরিতোষ চন্দ্র দাস, মাসকো গ্রুপের নির্বাহী পরিচালক এটিএম মাহবুবুল আলম মিল্টন, সিএসএল সফটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম রওলি, ডাইসিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমানুর রহমান, ডিবিএল গ্রুপের থ্রেডস অ্যান্ড অ্যাকসেসরিজ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন, প্রিটি গ্রুপের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার দেওয়ান মাহবুব কামরান, এসপিটেক্সের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহিন আকতার এবং আকিজ টেক্সটাইল মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক এসকে মো. সেলিম হোসেন।

অনুষ্ঠানটি সমন্বয় করেন টেক্সটাইল ফোকাসের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন রেডক্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালক চান্দিমা পুন্যাওয়ারদানা, অটোমোটিভ সুইং সিস্টেমস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলাম, মেথড অ্যাপারেল কনসালটেন্সির বিজনেস হেড দীন বন্ধু এবং প্যারামাউন্ট—গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল মেশিনারির ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের পেশাজীবীদের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীরাও অংশ নেন। অভিজ্ঞ শিল্পনেতাদের কাছ থেকে ক্যারিয়ার গঠন, নেতৃত্ব, উদ্ভাবন ও টেকসই শিল্পায়ন বিষয়ে দিকনির্দেশনা পাওয়ার সুযোগ হয় তাঁদের।

আয়োজনের শেষ পর্বে ইয়োরসেলফ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্যাশন শোর আয়োজন করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য ছিল উপহার ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম।

আয়োজনটির ট্রান্সফরমেশন পার্টনার ছিল এ-এস-এস (বিডি) লিমিটেড, সাসটেইনেবিলিটি পার্টনার এসঅ্যান্ডডি কেমিক্যালস, টেকনোলজি পার্টনার মেথড অ্যাপারেল কনসালটেন্সি, নলেজ পার্টনার প্যারামাউন্ট এবং ইনোভেশন পার্টনার ডাইসিন গ্রুপ। এ ছাড়া ইন্ডাস্ট্রি পার্টনার হিসেবে যুক্ত ছিল ফ্যাশন পাওয়ার গ্রুপ ও শিন শিন গ্রুপ।

উল্লেখ্য, গত ১০ বছর ধরে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকশিল্পে গবেষণা, উন্নয়ন ও প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করছে টেক্সটাইল ফোকাস। শিল্পের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি এবং এ খাতকে আরও টেকসই, উদ্ভাবনী ও প্রতিযোগিতামূলক করে তোলার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে ‘ইনস্পিরেশন’ আয়োজন করা হয়েছে।