প্রবাসীদের বিনিয়োগ কাজে লাগাতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের যোগাযোগ জোরদার এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’। রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠেয় এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী ও নীতিনির্ধারকদের অংশ নেওয়ার কথা রয়েছে।

সামিট উপলক্ষে আজ রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সম্মেলনের লক্ষ্য, পরিকল্পনা, কর্মসূচি ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহীদুজ্জামান টরিক। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা তাঁদের মেধা, অভিজ্ঞতা, দক্ষতা, আন্তর্জাতিক যোগাযোগ ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এই সম্ভাবনাকে কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যেই এনআরবি ওয়ার্ল্ড কাজ করছে।

তিনি জানান, ২০১৪ সালে সিঙ্গাপুরের শাংগ্রি-লা হোটেলে যাত্রা শুরু করে এনআরবি ওয়ার্ল্ড। পরবর্তী সময়ে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও দুবাইসহ বিভিন্ন দেশে সংগঠনটির কার্যক্রম ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বিশ্বের ৫০টির বেশি দেশে সংগঠনটির নেটওয়ার্ক বিস্তৃত। এবারের সামিটে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও পেশাজীবীর অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকেরা।

দুই দিনব্যাপী সম্মেলনে ব্যবসা ও বিনিয়োগ, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, জ্বালানি, টেকসই উন্নয়ন এবং দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি অনুষ্ঠিত হবে ‘গ্লোবাল হেলথ সামিট ২০২৬’। এতে স্বাস্থ্যসেবা, চিকিৎসাপ্রযুক্তি, আন্তর্জাতিক স্বাস্থ্য সহযোগিতা এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগের সম্ভাবনা গুরুত্ব পাবে।

আয়োজকেরা জানান, সম্মেলনের অন্যতম লক্ষ্য প্রবাসী বাংলাদেশি ও দেশের উদ্যোক্তাদের মধ্যে কার্যকর ব্যবসায়িক সংযোগ তৈরি করা। এ লক্ষ্যে নেটওয়ার্কিং, ব্যবসায়িক সংযোগ স্থাপন, বিনিয়োগ আলোচনা এবং তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করার বিশেষ উদ্যোগ রাখা হয়েছে। প্রবাসী নারীদের নেতৃত্ব ও অবদান নিয়েও বিশেষ আলোচনা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রবাসী বিনিয়োগ আকর্ষণ এবং বিনিয়োগকারীদের সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের সংযোগ স্থাপনে একটি কার্যকর কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে বিনিয়োগ সহায়তা ও কমিশনভিত্তিক প্রস্তাবসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে।

এনআরবি ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানানো হয়, সামিটকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে ইতোমধ্যে বিভিন্ন দেশে যোগাযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্সে সংবাদ সম্মেলন আয়োজনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও সংগঠকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের সাফল্য, অবদান ও সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে বিভিন্ন প্রকাশনা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বাংলাদেশে তাঁদের বিনিয়োগ ও অংশগ্রহণের সুযোগ আরও দৃশ্যমান করার পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম, পরিচালক আনিসুল কবির জাসির ও রেহান রেজা এবং আঞ্চলিক পরিচালক সুমাইয়া জামান উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ কেবল একটি সম্মেলন নয়; বরং প্রবাসী বাংলাদেশি ও দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা, বিনিয়োগ, জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।