রেডিটে আসছে ‘ফর ইউ’ ফিড

ব্যবহারকারীদের পছন্দ ও আগ্রহ অনুযায়ী কনটেন্ট দেখানোর অভিজ্ঞতা আরও উন্নত করতে মূল ফিডে পরিবর্তন আনছে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট। নতুন এ উদ্যোগে হোম ফিডকে ‘ফর ইউ’ ও ‘ফলোয়িং’ নামে দুটি আলাদা বিভাগে ভাগ করা হচ্ছে। নতুন ‘ফর ইউ’ ফিডে রেডিটের অ্যালগরিদম ব্যবহারকারীর আগ্রহ বিবেচনা করে বিভিন্ন পোস্ট, আলোচনা ও কমিউনিটির কনটেন্ট সুপারিশ করবে। অন্যদিকে ‘ফলোয়িং’ বিভাগে ব্যবহারকারীর অনুসরণ করা সাবরেডিটগুলোর সাম্প্রতিক পোস্ট দেখা যাবে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন ফিচার চালুর পর

প্রথমবার অ্যাপে প্রবেশ করলে স্বয়ংক্রিয়ভাবে ‘ফর ইউ’ ফিড খুলবে। তবে পরবর্তী সময়ে সর্বশেষ ব্যবহৃত ফিডটিই চালু হবে।

রেডিটের মতে, নতুন ফিডের উদ্দেশ্য ব্যবহারকারীদের এমন সব কমিউনিটি ও আলোচনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, যেগুলো সাধারণ অনুসন্ধানে হয়তো তাদের চোখে পড়ত না। এদিকে প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের সক্রিয়তা বাড়াতে পুরনো জনপ্রিয় পোস্ট নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি। কয়েক বছর আগের আলোচিত থ্রেডগুলোকে অডিও ও ভিডিও কনটেন্টে রূপ দেওয়ার পরীক্ষাও চলছে। পাশাপাশি অ্যালগরিদমের সুপারিশ আরও প্রাসঙ্গিক করতে ব্যবহারকারীদের মতামত নেওয়ার ব্যবস্থাও তৈরির কাজ করছে রেডিট।