হাইকোর্টে জামিন পেলেন আখতারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা, কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। একই সঙ্গে এই মামলায় তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছে।

গতকাল রবিবার বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল জারি করে।

আদালতে আখতারুজ্জামানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুরুল আলম সুজন।

হাইকোর্টের আদেশের পর আখতারুজ্জামানের কারামুক্তিতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে একই মামলায় গত ২৬ অক্টোবর শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ করে দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার আলম সজিব গত ২ অক্টোবর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন। ওই দিনই ঢাকা সেনানিবাসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরের দিন আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করে। ৪ অক্টোবর জামিন নামঞ্জুর হলে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, ১ অক্টোবর বিমানবন্দরে লাগেজ পেতে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদকে মৌখিক লাঞ্ছনা ও হুমকি দেন আখতারুজ্জামান।