রাজধানীর লালবাগের শহীদনগর বউবাজার এলাকায় বিপ্লব (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গতকাল রবিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা যায়, বিপ্লব লালবাগ কেল্লার বাজারে মাছের ব্যবসা করতেন। এলাকায় তিনি ‘মাউছা বিপ্লব’ নামে পরিচিত ছিলেন।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সেলিম মিয়া জানান, খবর পেয়ে বেলা ২টার দিকে ঘটনাস্থলে যান। সেখানে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।
এসআই আরও জানান, নিহত বিপ্লব শহীদনগরের ৬ নম্বর গলিতে তার খালার বাসায় থাকতেন। তার বাবা অনেক আগেই মারা গেছেন। দুপুরে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে ঘটনাটির তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।