ব্যবসায়ীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রাম নগরের তিনপুলের মাথায় জাকির হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ৫ থেকে ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত জাকির হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রিয়াজউদ্দিন বাজার শ্রমিকদলের সহসভাপতি। ভুক্তভোগী ব্যবসায়ী জাকির হোসেনের অভিযোগ, এ ঘটনায় জসীম উদ্দীন ওরফে আরমান (৪৫), সিরাজুল ইসলাম ওরফে সিরাজ (৪০), দিদারুল আলম ওরফে কালুদিদার (৫৫) ও আবু সালেহ আবিদের (৩৫) সম্পৃক্ততা রয়েছে।

এ ছাড়া হামলায় আরও ছয় থেকে সাতজন অজ্ঞাত ব্যক্তি জড়িত ছিলেন বলে দাবি জাকির হোসেনের। ব্যবসায়ীরা জানান, জাকির হোসেন তিন পুলের মাথায় যাওয়ার পথে হামলাকারীরা আগে থেকেই ওত পেতে ছিলেন। এ সময় তার কাছে থাকা নগদ ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে হত্যার উদ্দেশে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কিরিচ দিয়ে কোপানো হয়। তাকে মৃত ভেবে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে এক পথচারীা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ব্যবসায়ী নেতারা জানান, রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। প্রতিদিন এ বাজারে বিপুলসংখ্যক ব্যবসায়ী, শ্রমিক, ক্রেতা ও পণ্য পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তির সমাগম ঘটে। ব্যবসায়িক লেনদেনের কারণে অনেক ব্যবসায়ীকে নগদ অর্থ বহন করতে হয়। এ অবস্থায় একজন ব্যবসায়ীর ওপর হামলা ও বিপুল অঙ্কের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ব্যবসায়ী মহলে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে হবে। একই সঙ্গে বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে নিরাপত্তা জোরদার, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং ব্যবসায়ীদের জানমাল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নগরের কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির বলেন, ‘ঘটনা জানার পরপরই পুলিশ কাজ শুরু করেছে। জাকিরের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’