নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী অক্টোবর মাসের বেতন পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। গতকাল রবিবার সকাল থেকেই তাদের মোবাইলে বেতন জমা হওয়ার বার্তা আসতে শুরু করে। অক্টোবরের নিয়মিত বেতনের পাশাপাশি জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বাড়তি বেতনের বকেয়া অর্থও তাদের হিসেবে জমা হয়েছে।
জানা গেছে, প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৮ লাখ পেনশনভোগীর অধিকাংশই নতুন বেতন কাঠামোর সুবিধা পেয়েছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে বেতন নির্ধারণ বা পে ফিক্সেশন সম্পন্ন করতে না পারায় কিছু কর্মচারী এবার বেতন পাননি। ২৫ অক্টোবরের মধ্যে যাদের বেতন নির্ধারণ সম্পন্ন হয়েছিল, রবিবার তারাই বেতন পেয়েছেন। অবশিষ্ট প্রায় লক্ষাধিক কর্মকর্তা-কর্মচারী তাদের বেতন পেতে আগামী দুই থেকে তিন দিন সময় লেগে যেতে পারে।
কয়েকজন সরকারি কর্মকর্তা জানান, সকাল ১০টার পর থেকেই তাদের মোবাইলে নতুন বেতনের হিসাব অনুযায়ী অর্থ জমার বার্তা আসে। যাদের পে ফিক্সেশন এখনো চূড়ান্ত হয়নি, তাদের অপেক্ষা করতে হচ্ছে।
অপরদিকে, প্রায় ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষকের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকেরাও শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানাননি তিনি।