ন্যূনতম মজুরি ও ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যে সরকারের মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কাজে ফিরতে শুরু করেছেন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা।
সোমবার (২ নভেম্বর) সকালে আশুলিয়ার ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করতে দেখা যায়। একই চিত্র ছিল শিল্পাঞ্চলের অন্যান্য কারখানায়ও।
শ্রমিক সংগঠনের নেতারা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে আন্দোলন করছেন তারা। সরকারের মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। তবে তাদের প্রত্যাশা, গঠিত কমিশন আগামী দুই মাসের মধ্যে কার্যক্রম শেষ করে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেবে।
সাধারণ শ্রমিকরাও মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। একই সঙ্গে তাদের ব্ল্যাকলিস্টে না রাখার পাশাপাশি অন্যান্য দাবিও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
এখন পর্যন্ত সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। পাশাপাশি শুরু হয়েছে উৎপাদন কার্যক্রমও।