যুক্তরাষ্ট্রে অবস্থান করে রাজধানীর ওয়ারীর বাসায় কুশ চাষের মামলায় অভিযুক্ত তৌসিফ হাসানকে (২২) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সম্প্রতি দেশে ফেরার পর রবিবার (১ নভেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত জানুয়ারিতে একই মামলায় তৌসিফের এক বান্ধবী ও তার বাসার তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করা হয়। ওই সময় তৌসিফ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থান করছিলেন।
ডিএনসি জানায়, রাজধানীর ওয়ারী থানার র্যাংকিন স্ট্রিটে নিজেদের বাসায় অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ল্যাব স্থাপন করে কুশ চাষের প্রক্রিয়া চালাচ্ছিলেন তৌসিফ। রবিবার সকালে ওই বাসা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
সংস্থাটি জানায়, গত জানুয়ারিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনা অনুসন্ধান করতে গিয়ে তৌসিফের বাসায় অভিযান চালানো হয়। সেখানে কুশ চাষের ল্যাবের সন্ধান পাওয়া যায়। অভিযানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আনা কুশের বীজ, চাষ করা গাছ, সদ্য সংগৃহীত কুশ, চাষের বিভিন্ন উপকরণ, সিসা সেবনের সরঞ্জাম ও বিদেশি মদ উদ্ধার করা হয়।
এছাড়া বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রিত বিশেষ কক্ষে একাধিক টবে কুশ চাষের প্রমাণ পাওয়া যায়। কুশ গাঁজা গাছের একটি বিশেষ ধরন।
ডিএনসির তদন্তে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালে কুশ চাষের কৌশল রপ্ত করেন তৌসিফ। পরে দেশে ফিরে নিজ বাসায় বিশেষায়িত ল্যাব স্থাপন করে চাষ শুরু করেন। বিদেশে অবস্থান করেও দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির সাহায্যে ল্যাবের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করতেন তিনি। এ কাজে তার এক বান্ধবী সহযোগিতা করতেন বলে তদন্তে জানা যায়।
একই সময় ওই বান্ধবীর মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসে ৩২টি ইয়াবা যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করা হয়। ডিএনসির অভিযানে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট বান্ধবী ও তৌসিফের বাসার তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করা হয় এবং টঙ্গী পশ্চিম থানায় মামলা করা হয়। ওই মামলায় তৌসিফকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়।
ডিএনসির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেপ্তার হওয়া তৌসিফের ডোপ টেস্ট করা হলে তার শরীরে মেথামফেটামিন ও ক্যানাবিনয়েডের উপস্থিতি পাওয়া যায়। পরীক্ষায় উভয় উপাদানের ফল পজিটিভ আসে।
এছাড়া তার কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।