সারা দেশে নভেম্বর মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় ক্রমান্বয়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।
রবিবার (১ নভেম্বর) দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসের অফিস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য এ দিন বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সেখানে মাসের আবহাওয়ার বিভিন্ন তথ্য ও উপাত্ত পর্যালোচনা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের মধ্যে এক বা দুটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
লঘুচাপের পূর্বাভাসের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম বলেন, ‘নভেম্বরে সারা দেশে বৃষ্টিপাতের স্বাভাবিকভাবে কমে আসার সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় কুয়াশা দেখা যেতে পারে।’
আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগর অবস্থানরত নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর বলছে, ঘণ্টায় ২৩ কিলোমিটার গতিতে পশ্চিম ও উত্তরপশ্চিম দিকে এগিয়ে গভীর নিম্নচাপটি রবিবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড় ‘মুরাসু’তে পরিণত হয়েছে। তখন ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল দক্ষিণ-পশ্চিম ও পাশের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। ‘মুরাসু’ আরও শক্তি বাড়িয়ে সোমবার (২ নভেম্বর) সকাল নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী ৩ নভেম্বর (মঙ্গলবার) মধ্যরাত থেকে ভোরের মধ্যে তা অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে।
এ ছাড়া বৃষ্টিপাত, তাপমাত্রা, তাপপ্রবাহ, বজ্রঝড়, কৃষি আবহাওয়া এবং দেশের নদ-নদীর অবস্থা গত অক্টোবরে পূর্বাভাসের সঙ্গে সংগতিপূর্ণ ছিল বলে বুলেটিনে উল্লেখ করা হয়।