নতুন মজুরি বোর্ডকে স্বাগত জানিয়েছে বিকেএমইএ

পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

রবিবার (১ নভেম্বর) সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম এক বার্তায় জানিয়েছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের পাশাপাশি কারখানার কার্যক্রম সচল রাখাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় পোশাক শ্রমিকেরা যে চাপের মধ্যে রয়েছেন, তা বিকেএমইএ উপলব্ধি করে। একই সঙ্গে বৈশ্বিক মন্দা, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় ক্রমাগত বৃদ্ধি এবং কারখানাগুলোতে রপ্তানি আদেশ কমে যাওয়ার চ্যালেঞ্জও বাস্তব। তাই শ্রমিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা এবং কারখানার কার্যক্রম সচল রাখা, দুটিই সমান গুরুত্বপূর্ণ। খবর বাসস। 

নতুন মজুরি বোর্ডে সরকার, মালিক ও শ্রমিক তিনপক্ষেরই প্রতিনিধি রয়েছেন জানিয়ে মোহাম্মদ হাতেম বলেন, পারস্পরিক আলাপ ও আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ করা সম্ভব বলে বিকেএমইএ বিশ্বাস করে। এমন একটি মজুরি কাঠামো হওয়া প্রয়োজন, যা শ্রমিকদের জীবনমান সুরক্ষিত করার পাশাপাশি শিল্পের সক্ষমতাও বজায় রাখবে।

বার্তার সবশেষে বিকেএমইএর সভাপতি বলেন, ‘শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে, শিল্প বাঁচলেই শ্রমিক বাঁচবে।’