আমিরাতে বাংলাদেশি দুই স্কুলের এইচএসসি ফলে চমক, জিপিএ-৫ পেয়েছে ৬ শিক্ষার্থী

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শিক্ষার অগ্রযাত্রায় সাফল্যের স্বাক্ষর রেখেছে বাংলাদেশি দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাস আল খাইমাহর বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এবং আবুধাবির শায়খ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে।

দুই প্রতিষ্ঠান থেকে মোট ৩৩ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩১ জন। এর মধ্যে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় রাস আল খাইমাহর বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১৬ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৮ দশমিক ৮৯ শতাংশ। এ ছাড়া ছয়জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

বিভাগভিত্তিক ফলাফলে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে তিনজন এবং বিজ্ঞান বিভাগ থেকে তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। প্রবাসের মাটিতে এমন ফলাফল প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে।

অন্যদিকে, আবুধাবির শায়খ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। এ প্রতিষ্ঠান থেকে ১৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ১১ জন ‘এ’ গ্রেড, তিনজন ‘এ-’ গ্রেড এবং একজন ‘বি’ গ্রেড পেয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের একাগ্রতা, কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং নিয়মিত পাঠদান ও মূল্যায়নের সমন্বিত ফল এই সাফল্য। প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিক্ষার্থীদের এমন অর্জন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্যও গর্বের বিষয়।

দুই শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে আগামী দিনগুলোতে শিক্ষার মান উন্নয়ন এবং আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।