বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান।

সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এ উপনির্বাচনের জন্য নির্ধারিত সময় অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন।

পরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল রবিবার (১ নভেম্বর) বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে এলিজা জামান প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার উপধারা (১) অনুযায়ী চূড়ান্ত তালিকায় তার নাম প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ২৭ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক।

এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডায় ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করে।