কিস্তির টাকা নিয়ে তরুণীকে পুলিশে সোপর্দের অভিযোগ এনজিওর বিরুদ্ধে 

কুমিল্লার নাঙ্গলকোটে সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিওর বিরুদ্ধে সন্ধ্যার সময় কিস্তির টাকা নিয়ে রাতে এক তরুণীকে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে। 

রবিবার (১ নভেম্বর) রাতে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের চারজানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে সোমবার (২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগী ওই তরুণীর নাম ফাতেমা (২৪)। তিনি চারজানিয়া গ্রামের সাগরের স্ত্রী।  

এ বিষয়ে ভুক্তভোগী ফাতেমা জানান, তিনি সাজেদা ফাউন্ডেশন থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের সমস্ত টাকা পরিশোধ করার পরও এনজিওর লোকজন তার কাছে আরও ৩৫ হাজার টাকা পাওনা দাবি করে আসছিল। গতকাল সন্ধ্যায় এনজিওর লোকজন এসে তার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে যায়। কিন্তু এর কিছুক্ষণ পরই রাতে পুলিশ এনে তাকে ধরিয়ে দেওয়া হয়।
 
এ বিষয়ে জানতে চাইলে সাজেদা ফাউন্ডেশনের শাখা ম্যানেজার ইমরুল কায়েস বলেন, ওই তরুণীর কাছে প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা পাওনা ছিল। গত ৮-৯ মাস তিনি কোনো কিস্তি পরিশোধ না করায় নিয়মানুযায়ী তার বিরুদ্ধে মামলা করা হয়। আমি তাকে আগেই বলেছিলাম যে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং টাকা পরিশোধ করতে হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, ওই তরুণীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা তামিল করতে একজন নারী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।