জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ভবনের বিভিন্ন স্থানে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে একাধিক সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ ও জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত মতামত প্রদান কমিটির দ্বিতীয় সভায় এসব সুপারিশ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়। এ সময় সংসদ সচিবালয়ের বিদ্যুতের চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ভবনের বায়ু চলাচল এবং সোলার প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত সক্ষমতা নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিদ্যুতের অপচয় রোধে সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সর ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বাড়ানো, সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং অপচয়ের ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
এ ছাড়া সংসদ ভবন কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেডের শাখা এবং আবাসিক এলাকার বিদ্যুৎ বিল যথাযথভাবে আদায়ের জন্য সাব-মিটার অথবা প্রিপেইড মিটার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
সভায় সংসদ ভবন এলাকার মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে সংসদ অধিবেশন চলাকালে নামাজের এক ঘণ্টা আগে এবং অন্যান্য সময়ে নামাজের আধা ঘণ্টা আগে মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালু করার সুপারিশ করা হয়।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দ করা সংসদ ভবন এলাকার খেলার মাঠটির বরাদ্দ ও চুক্তি-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম ও মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।