চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে সব ধরনের সবজির দাম কমে অর্ধেকে নেমে এসেছে। নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন। দাম যেন এমনই থাকে, সেই দাবি জানিয়েছেন ক্রেতারা। সামনের দিনে সরবরাহ আরও বাড়বে। এতে করে দাম আরও কমে আসবে বলে দাবি বিক্রেতাদের।
হিলির সবজি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানেই শীতকালীন বিভিন্ন সবজির ভালো সরবরাহ রয়েছে। সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় প্রতিটি সবজির দাম কমে অর্ধেকে নেমে এসেছে। গত সপ্তাহে যে বেগুন ৫০ টাকা দরে বিক্রি হয়েছিল, সেই বেগুন বর্তমানে কমে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া মুলা ৩০ টাকা থেকে কমে ২০ টাকা, শিম ১০০ টাকা থেকে কমে ৫০ টাকা, পটোল ৫০ টাকা থেকে কমে ২০ টাকা, কাঁচামরিচ ৭০ টাকা থেকে কমে ৩০ টাকা, শসা ৪০ টাকা থেকে কমে ৩০ টাকা, ফুলকপি ৬০ টাকা থেকে কমে ৩০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা থেকে কমে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারে সবজি কিনতে আসা আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে সবজির বাজারে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। সব ধরনের সবজির দাম কেজিতে প্রায় ৩০ থেকে ৪০ টাকা করে কমে গেছে। ফলে আমাদের কেনাকাটা করতে অনেক সুবিধা হচ্ছে। আগে যেখানে বাড়তি দামের কারণে হয়তো আধা কেজি কিনতাম, এখন সেখানে দাম কমে আসায় ১ থেকে দেড় কেজি করে কিনতে পারছি। বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা—সবকিছুর দামই কেজিতে ৩০ থেকে ৪০ টাকা করে কমেছে। আগে দাম বেশি থাকায় অনেক জিনিস কিনতে পারতাম না। কিন্তু এখন সাধ্যের মধ্যে চলে আসায় সবকিছুই কিনতে পারছি আমরা।
সবজি কিনতে আসা নারগিস আক্তার বলেন, সবজির দাম কম হওয়ায় আমাদের মতো মানুষদের একটু সুবিধা হয়েছে। কম দামের কারণে আমরা যারা গরিব মানুষ রয়েছি, তারা একটু খেয়ে-পরে বাঁচতে পারছি বা পণ্য কিনতে পারছি। দাম বেশি হলে তো আমাদের পক্ষে কেনা সম্ভব হয় না। তাই দাম কমলে আমাদের জন্য বেশি সুবিধা হয়।
সবজি কিনতে আসা আব্দুস সালাম বলেন, বর্তমানে বাজারে সবজির ব্যাপক সরবরাহ। সেই সঙ্গে সব ধরনের সবজির দাম অনেকটাই কমে এসেছে। আগে বাড়তি দামের কারণে ফুলকপি, বাঁধাকপি কেনাই সম্ভব হতো না আমাদের মতো মানুষদের। এখন এসব সবজি ২০ থেকে ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। এতে করে আমাদের বেশ সাশ্রয় হচ্ছে। দাম বেশি হলে পকেটের ওপর চাপ পড়ে এবং বেশি টাকা খরচ হয়, যা এখন কমেছে।
হিলি বাজারের সবজি বিক্রেতা বিপ্লব শেখ বলেন, কাঁচাবাজারে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেক দাম কম। মূলত শীতকালীন মৌসুম শুরু হওয়ায় আশপাশের বিভিন্ন অঞ্চলে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। এতে করে বাজারে সবজির আমদানি বেশি হওয়ার কারণে দাম কমে গেছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম কমে অর্ধেকে নেমে এসেছে। যদি আমদানি আরও বেশি হয়, তাহলে দাম আরও কমার আশা আছে।