জাতীয় সংসদ

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান মঙ্গলবার (৩ নভেম্বর) শপথ নেবেন।

সোমবার (২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তায় জানানো হয়, মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

অন্যদিকে, গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ওই শূন্য আসনে নির্বাচিত হয়েছেন এলিজা জামান।