গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় এনামুল হক (৩৬) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানচালকসহ দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে আনোয়ার হোসেনের (৪০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাটের কামরাঙ্গা এলাকায় রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এনামুল হকের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর (হাজীপাড়া) গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সোলেমানের ছেলে। আহত আনোয়ার হোসেন একই এলাকার মো. মোন্তাজ আলীর ছেলে। অপর আহত একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তিনজন স্থানীয় একটি পানের বরজে শ্রমিকের কাজ করেন। সকালে মিঠাপুকুর থেকে সুন্দরগঞ্জ আসেন তারা। পরে একটি অটোভ্যান যোগে সেই পানের বরজে কাজে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।

এতে ভ্যান থেকে ছিটকে ট্রাকের চাকার  নিচে পড়ে যাযন। এতে ঘটনাস্থলেই এনামুল হক মারা যান। অটো ভ্যানচালকসহ আরও দুজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্থানীয়রা। তাদের মধ্যে আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনা সত্যতা নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। তিনি মুঠোফোনে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।