ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে তাঁর কারামুক্তির পথে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।
সোমবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের একক বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদন শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে আখতারুজ্জামানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আদেশের পর তিনি সাংবাদিকদের জানান, হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেননি চেম্বার আদালত। ফলে তাঁর মক্কেলের কারামুক্তিতে আর কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।
এর আগে রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আখতারুজ্জামানকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই আদেশের বিরুদ্ধে সোমবার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে রাষ্ট্রপক্ষ।
হাইকোর্টে জামিন আবেদনের শুনানিতে আখতারুজ্জামানের আইনজীবী শিশির মনির যুক্তি দেন, মামলায় উল্লেখ করা ধারাগুলোর মধ্যে একটি ছাড়া অন্যগুলো জামিনযোগ্য। তাঁর মক্কেলের বয়স ৭৩ বছর। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং দুইবারের সাবেক সংসদ সদস্য। এ ছাড়া তিনি প্রায় এক মাস ধরে কারাগারে রয়েছেন।
শুনানিতে আইনজীবী আরও বলেন, মামলার এজাহারে মারধরের অভিযোগ করা হলেও সিসিটিভি ফুটেজে উত্তপ্ত বাক্যবিনিময় ছাড়া গুরুতর কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। এসব বিষয় বিবেচনায় নিয়েই হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছেন।