রাজধানীর রায়েরবাগে বাস ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় বাসের ধাক্কায় আমিরুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বেলা দেড়টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে পথচারী ইমরান ফকির জানান, দুপুরে ওই ব্যক্তি রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে আহত হন ওই ব্যক্তি।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হানিফ পরিবহনের একটি বাস ধাক্কায় আহত হন ওই ব্যক্তি। পরে পথচারীরা হাসপাতালে নিয়ে গেলে মারা যায় তিনি। ঘটনার পরপরই স্থানীয়রা বাসটি জব্দ করে। তবে এর চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তির কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নাম ঠিকানা জানা গেছে। তার নাম আমিরুল ইসলাম। বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার চরপাড়া গ্রামে। তার বাবার নাম মো.ইউসুফ আলী। তিনি শ্যামপুর ফরিদাবাদ এলাকায় থাকতেন।