সাউথইস্ট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার নৈতিকতা নিয়ে আন্তর্জাতিক কর্মশালা

উচ্চশিক্ষায় দায়িত্বশীল সুশাসন ও নৈতিকতার চর্চা জোরদারের লক্ষ্যে সাউথইস্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় শিক্ষক উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ ও ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের উদ্যোগে ‘এক্সেলেন্স ইন রেসপনসিবল গভর্ন্যান্স অ্যান্ড এথিকস ইন হায়ার এডুকেশন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়াও বিদেশি গবেষক ও শিক্ষাবিদেরা সরাসরি এবং অনলাইনে অংশ নেন।

কর্মশালার উদ্বোধন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন।

এতে স্বাগত বক্তব্য দেন স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুল অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

শিক্ষায় নৈতিকতা নিয়ে কাজ করা সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘গ্লোবএথিক্স’-এর বিশেষজ্ঞরা কর্মশালার প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। গ্লোবএথিক্স দক্ষিণ এশিয়া কেন্দ্রের পরিচালক অধ্যাপক রাজুলা ভি সংস্থাটির কার্যক্রম তুলে ধরেন। এ ছাড়া ক্রাইস্ট ইউনিভার্সিটি এবং জেনেভায় অবস্থিত গ্লোবএথিক্সের সদর দপ্তরের সহযোগী অধ্যাপক ও হোলিস্টিক এডুকেশন ডেভেলপমেন্টের সমন্বয়কারী ভি. মুথু রুবেন প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।

আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয়গুলোতে দায়িত্বশীল সুশাসন প্রতিষ্ঠা এবং নৈতিক আচরণের চর্চা জোরদার করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য। এর মাধ্যমে দেশি-বিদেশি শিক্ষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে।