২৬ দিনে পুরো কোরআন মুখস্থের কৃতিত্ব

বিশ্বব্যাপী অল্প সময়ে কোরআন মুখস্থ করার অনেক রেকর্ড রয়েছে। গাজার ১৪ বছর বয়সী কিশোর মুহান্নাদ আল-হুসনিও এমন কৃতিত্বের অধিকারী। সে মাত্র ২৬ দিনে পুরো কোরআন মুখস্থ করার কৃতিত্ব অর্জন করে।

 আল-জাজিরার এক প্রতিবেদনেবলা হয়, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের আল-আওদাহ মসজিদে আয়োজিত ‘আন-নুখবা’ নামের গ্রীষ্মকালীন হেফজ কর্মসূচিতে অংশ নেন মুহান্নাদ। প্রতিদিন ফজরের নামাজের পর থেকে আসরের নামাজ পর্যন্ত চলত এ কার্যক্রম। এ সময় তিনি প্রতিদিন প্রায় ২৫ পৃষ্ঠা করে মুখস্থ করতেন।

মুহান্নাদ জানান, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনার উদ্দেশ্যেই তিনি কোরআন মুখস্থ করেছেন। পুরো সময়টি তার কাছে ছিল অত্যন্ত আনন্দদায়ক।

দারুল কোরআন ওয়াস সুন্নাহ অ্যাসোসিয়েশন পরিচালিত এ কর্মসূচিতে ১৫০ শিক্ষার্থীর মধ্য থেকে যোগ্যতা ও উত্তম চরিত্রের ভিত্তিতে ১৫ জনকে বাছাই করা হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গাজাজুড়ে তাদের ৭৭৬টি হিফজকেন্দ্রে ২২ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। হিফজ সম্পন্ন করার পর মুখস্থ করা কোরআন আরও পাকাপোক্ত করতে নবীন হাফেজদের ‘হুফফাজ ফোরাম’-এ যুক্ত করা হয়।

বর্তমানে এতে ১ হাজার ৭০০-এর বেশি শিক্ষার্থী নিয়মিত অংশ নিচ্ছে। তবে অবরোধের কারণে হিফজ কার্যক্রমগুলো অর্থায়ন ও শিক্ষকদের সম্মানী প্রদানে সংকটে রয়েছে।