রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমল

এইচএসসি পরীক্ষার ফল তুলনামূলক খারাপ হওয়ায় ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাণিজ্য বিভাগের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

রবিবার (১ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।

সিদ্ধান্ত অনুযায়ী, মানবিক শাখার আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। গত বছর এ শর্তে মোট জিপিএ প্রয়োজন ছিল ৭.০০।

অন্যদিকে, বিজ্ঞান শাখার আবেদনকারীদের দুই পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। গত বছর এ ক্ষেত্রে মোট জিপিএ প্রয়োজন ছিল ৭.৫০।

বাণিজ্য বিভাগের 'বি' ইউনিটের আবেদনের যোগ্যতা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে এ ক্ষেত্রেও শর্ত শিথিল হতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক বেলাল হোসেন।

তিনি বলেন, এ বছর এইচএসসি পরীক্ষার ফল তুলনামূলক খারাপ হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিবেচনায় মানবিক ও বিজ্ঞান বিভাগের আবেদনের যোগ্যতা শিথিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, ভর্তি উপকমিটির প্রস্তাবিত পরীক্ষার সূচি বহাল রেখেছে ভর্তি পরীক্ষা কমিটি। সূচি অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি 'বি' ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি 'সি' ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি 'এ' ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন গ্রহণ চলবে ১২ থেকে ২৭ নভেম্বর।

অধ্যাপক বেলাল হোসেন জানান, ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে উপকমিটির সিদ্ধান্ত বহাল রয়েছে। পরবর্তী সভায় ভর্তি কার্যক্রমের অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।