তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ের নিচে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করে এনসিপি।
এসময় দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সিলিন্ডার নিয়ে হাজির হন। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার এ সময় উপস্থিত ছিলেন।
সোমবার ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে প্রতি সিলিন্ডারের দাম বেড়েছে ২২৩ টাকা। নতুন নির্ধারিত দাম সোমবার রাত ৮টা থেকে কার্যকর শুরু হয়েছে।
মানুষ যেন প্রতিবাদ জানাতে না পারে, এজন্য বিএনপি সরকার রাতের বেলায় গ্যাসের দাম বাড়ায়- এমন মন্তব্য করে ব্রিফিংয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এটা রাতের সরকার, শেখ হাসিনার সময় যেমন রাতের বেলায় দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিত, এখন তারেক রহমানও শেখ হাসিনার পথ দেখানো অনুযায়ী রাতের বেলায় গ্যাসের দাম বাড়ায়।’
তিনি বলেন, ‘তারেক রহমানের এটা সরকার না, এটা সিন্ডিকেটের সরকার, কয়েকটা কোম্পানিকে সুবিধা দিতে দামটা বাড়িয়েছে। আমরা কোম্পানিগুলার নাম না বলি, আমরা ভবিষ্যতে ইনশআল্লাহ রেগুলেটরি যে কমিশন আছে, তাদের সামনে খালি গ্যাসের বোতল নিয়ে কর্মসূচি পালন করব।’
সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সিলিন্ডার হাতে রাজপথে নেমে প্রতিবাদ করুন।’