গণঅভ্যূত্থানের সময় রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়াকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী লিটন মিয়া। এর আগে গত ২৭ অক্টোবর এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগষ্ট গণঅভ্যূত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পরের বছর ৫ অক্টোবর রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে আছেন বিএম মোজাম্মেল হক। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীক বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সোমবার গ্রেপ্তার দেখানো হত্যা চেষ্টার মামলার অভিযোগে বলা হয়, ২০২৪-এর ১৯ জুলাই বাদী শামীম মিয়া ভাটারা থানার ১০০ ফুট রাস্তায় আন্দোলনে যোগ দেন। এ সময় তিনি শরীরের বিভিন্ন স্থানের চারটি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বি এম মোজাম্মেল হকসহ আওয়ামী লীগের অনেকের নাম উল্লেখ করে হত্যা চেষ্টামামলা করেন।