মতিঝিলে পূবালী ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা

ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় জ্বালানি তেল পরিমাপে অনিয়মের দায়ে মেসার্স পূবালী ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে স্টেশনটির দুটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনের পাঁচটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এতে একটি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪৬০ মিলিলিটার এবং একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১০০ মিলিলিটার জ্বালানি তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি পরিদর্শন কাজে বাধা দেওয়ার ঘটনাও ঘটে।

এসব অনিয়মের কারণে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট দুটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. তারেক রহমান এবং পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্প্রতি জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্য ও সেবার সঠিক পরিমাপ, মান ও গুণগতমান নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ভোক্তাদের প্রতারণা থেকে রক্ষা, ওজনে কারচুপি ও পরিমাপে অনিয়ম বন্ধ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করাই এসব অভিযানের মূল উদ্দেশ্য। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজারে সুষ্ঠু বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতেও এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।