চীনের সঙ্গে ড্র করে পয়েন্ট পেল বাংলাদেশ

টানা চার ম্যাচে হারের পর অবশেষে এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে পয়েন্টের দেখা পেল বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আশরাফুল ইসলামদের দল। তবে গ্রুপ পর্ব পেরোতে না পারায় টুর্নামেন্টে এখনো জয়হীন বাংলাদেশ। সোমবার ভারতের পাঞ্জাবের জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করে চীনকে এগিয়ে দেন চেন বেনহাই। প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে লড়াই চালিয়ে যায় লাল-সবুজের দল। অবশেষে ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান অধিনায়ক আশরাফুল ইসলাম। বাকি সময়ে দুই দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে গোলের চেষ্টা করে। তবে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। এতে চার ম্যাচে টানা হারের পর প্রথম পয়েন্টের স্বাদ পায় বাংলাদেশ। এবারের আসরে বাংলাদেশের শুরুটা হয়েছিল ভারতের কাছে ১৩-০ গোলের বড় হার দিয়ে। এরপর জাপানের বিপক্ষে ১-০ গোলে হারলেও লড়াই করেছিল দল। পরের দুই ম্যাচে মালয়েশিয়ার কাছে ৬-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরে পয়েন্টশূন্য ছিল বাংলাদেশ। আগামীকাল স্থান নির্ধারণী ম্যাচে ফের চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।