রূপগঞ্জে কারখানায় আগুনে দগ্ধ ৪ শ্রমিক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টেক্সটাইল মিলে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন কারখানাটির শ্রমিক ইসমাইল হোসেন, কামরুল, তপন ও অগ্নিনির্বাপক সুপারভাইজার নাইমুল।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ইসমাইলের শরীরের ২০ শতাংশ, কামরুলের ২৫, তপনের ১২ ও নাইমুলের ৪২ শতাংশ পুড়ে গেছে। তাদের চারজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাদের মধ্যে নাইমুলের অবস্থা আশঙ্কাজনক।

টেক্সটাইল মিলের অগ্নিনির্বাপক কর্মী ফজলে রাব্বি জানান, রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া ঠাকুর বাড়িরটেক এলাকার সিম গ্রুপের টেক্সটাইল মিলের কর্মী তারা। সোমবার রাত ৮টার দিকে সেখানে এয়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ হয়। এতে তিন শ্রমিক দগ্ধ হন। আগুনের অ্যালার্ম বাজলে সেখানে ছুটে যান মিলের নিজস্ব অগ্নিনির্বাপক কর্মীরা। অগ্নিনির্বাপক সুপারভাইজার নাইমুল আগুন নেভাতে ভেতরে ঢুকলে সেখানে আটকে পড়েন তিনি। পরে তাকে দগ্ধ অবস্থায় বের করে আনা হয়।