প্রধানমন্ত্রীকে বরণে বর্ণিল সাজে খুলনা

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২-এর উদ্বোধন করতে আগামী বৃহস্পতিবার খুলনায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে একযোগে তিনি দেশের ৫০৩টি উপজেলায় নতুন কুঁড়ির দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজে উঠছে খুলনা। এ উপলক্ষে জেলা প্রশাসন, সিটি করপোরেশন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নগরীর জেলা পরিষদ ভবন, জেলা প্রশাসকের কার্যালয়, আদালত ভবন, সার্কিট হাউজ ভবন, স্টেডিয়ামসহ শহরের প্রধান প্রধান সড়ক নান্দনিক ও দৃষ্টিনন্দন শৈলীতে সাজানো হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, খুলনা জেলা স্টেডিয়ামের প্রবেশপথকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করতে নতুন প্রাচীর, প্রবেশ পথের ফ্লোরে টাইলস ও আউটারে সৌন্দর্যবর্ধনের জন্য সবুজগাছের সমারোহ বাড়তে নতুন গাছ লাগানো হয়েছে। নতুন শৈলীতে সাজানো হয়েছে স্টেডিয়ামের মূল ফটক।

খুলনা জেলা স্টেডিয়ামের দেয়ালে আঁকা হয়েছে খুলনা অঞ্চলের ঐতিহ্য ও ইতিহাসসংবলিত দৃষ্টিনন্দন গ্রাফিতি। স্টেডিয়ামের ভেতরে রঙতুলির কাজ শেষের পথে। এখন মাঠে চলছে ভেতরে টেন্ট টানানোর প্রস্তুতি চলছে। মাঠের দক্ষিণ প্রান্তে স্কোর বোর্ডের পাশে প্রস্তুত হবে বিশাল মঞ্চ।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, খুলনা সিটি করপোরেশন, জাতীয় ক্রীড়া পরিষদ ও গণপূর্ত বিভাগের সমন্বয়ে সাজানো হচ্ছে স্টেডিয়াম। প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী বেলা ১১টার মধ্যে পাঁচটি গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করবে। স্টেডিয়ামের পশ্চিম পাশে বসবেন ভিআইপি দর্শনার্থীরা। ভিআইপি গ্যালারির ডান পাশে থাকবে বিকেএসপির শিক্ষার্থীদের বসার ব্যবস্থা। এ ছাড়া স্টেডিয়ামের ভেতরে ভিআইপিদের জন্য ৩০০ চেয়ারের ব্যবস্থা থাকবে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে খুলনার ক্রীড়ামোদী মানুষ এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খেলাধুলা, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমনকে কেন্দ্র করে গত রবিবার মহানগর বিএনপি কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনছাত্রদল, যুবদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তারা বলেন, শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে দেশের প্রায় ১৬ লাখ ২৩ হাজার তরুণ-তরুণী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। নিবন্ধিত প্রতিযোগীদের মধ্য থেকে ৪,৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ এই বিশাল ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন।

খুলনা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি বর্ণিল আলোকসজ্জা ও তোরণ নির্মাণের কাজ চলছে দ্রুতগতিতে। গত এক সপ্তাহ ধরে নগরীতে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।