ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালাকে এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাজাহান কবীর আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এদিন শুনানিকালে দিলীপ কুমার আগরওয়ালাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন দুদকের আইনজীবী তরিকুল ইসলাম।
গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে অসাধু উপায়ে ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪০৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। এ ছাড়া তার ৩৪টি ব্যাংক হিসাবে মোট ৩৮৫ কোটি ৩২ লাখ ৬২ হাজার ১২৩ টাকা জমা এবং ৩৬৯ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার ১৪০ টাকা উত্তোলনসহ সর্বমোট ৭৫৫ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ২৬৩ টাকার লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে ‘লেয়ারিং’ করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে।
গত ২৭ অক্টোবর দিলীপ কুমার আগরওয়ালাকে দুই মামলায় সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার একটি আদালত। ১৯ অক্টোবর সন্ধ্যায় তাকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন সোনা ও হীরা চোরাচালান এবং অর্থ পাচারের মামলায় তাকে রিমান্ডে নেয় পুলিশ।