রাজধানীতে দুই স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে এক ঘণ্টার মধ্যে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে পৃথক এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সোবহানবাগে ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজের নিচে এবং রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তিনি আরও জানান, রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায়ও কেউ আহত হয়নি বলে জানা গেছে। তবে এটি কাফরুল থানা এলাকায় পড়েছে। এটি তারা তদন্ত করবে।