পাকিস্তানির বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ভারতীয় ব্যাটার

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস লিখলেন ভারতের প্রেমা রাওয়াত। মাত্র ১৪ বলে অপরাজিত ৫০ রান করে তিনি পেছনে ফেলেছেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানাকে।

সোমবার (২ নভেম্বর) পুনের গ্যাহুঞ্জেতে অবস্থিত এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে 'সিনিয়র উইমেনস টি-টোয়েন্টি ট্রফি'র ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি হয় উত্তরাখণ্ড। ম্যাচটিতে অলরাউন্ড নৈপুণ্যে উত্তরাখণ্ডকে ৮৯ রানের বিশাল জয় এনে দেন প্রেমা।

ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রেমা রাওয়াত ৬টি চার ও ৪টি ছক্কায় মাত্র ৩৫৭.১৪ স্ট্রাইক রেটে ১৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। কেবল ব্যাট হাতেই নয়, বল হাতেও নিজের জাদু দেখান এই ভারতীয় লেগ-স্পিনার। ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় তুলে নেন ২ উইকেট। চকমপ্রদ এই অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

এর আগে ২০২৬ সালের মে মাসে করাচিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ১৫ বলে ফিফটি হাঁকিয়ে নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। ফাতিমা ভেঙেছিলেন ১৮ বলে ফিফটির যৌথ রেকর্ড (যা ছিল নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার ফোবি লিচফিল্ড ও ভারতের রিচা ঘোষের দখলে)। এবার সানার সেই রেকর্ড টপকে নারী টি-টোয়েন্টির সার্বিক তালিকায় শীর্ষে উঠে এলেন প্রেমা রাওয়াত।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার রাগভি বিস্তের অপরাজিত ৭২ রান এবং শেষ দিকে প্রেমার তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৮৭ রানের পাহাড় গড়ে উত্তরাখণ্ড।

জবাব দিতে নেমে উত্তরাখণ্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি হায়দরাবাদ। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা তুলতে সক্ষম হয় মাত্র ৯৮ রান। প্রেমার বল ও ব্যাটের দাপটে সহজেই জয় তুলে নেয় উত্তরাখণ্ড।

 

মূলত লেগ-স্পিনার হিসেবে ক্রিকেট জগতে পরিচিতি পাওয়া প্রেমা রাওয়াত ভারতের জাতীয় দলের পাশাপাশি 'ইন্ডিয়া এ' দলের হয়েও খেলেছেন। তবে এদিনের ঐতিহাসিক ইনিংসটি তার অলরাউন্ডার দক্ষতার এক নতুন দিগন্ত উন্মোচন করল।