সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় আইআইইউসি ছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মাইশা মুশফিরাত (২১) নামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে  কুমিরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডালাস পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইশা মুশফিরাত আইআইইউসির ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া গ্রামের সাখাওয়াত হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে। 

পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আইআইইউসির এক ছাত্রীকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।