ব্যক্তিগত ভিডিও ছড়ানোর ঘটনায় জামায়াত নেতার পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ময়মনসিংহ মহানগর জামায়াতের এক নেতার রুকন পদ স্থগিত করেছে দলটি।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় মহানগর জামায়াতের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা
(এআই) ব্যবহার করে তৈরি ও সম্পাদনা করা হয়েছে দাবি করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নেতা।

পদ স্থগিত হওয়া নেতার নাম মো. শহীদুল্লাহ (৪৬)। তিনি ময়মনসিংহ নগরীর নতুন বাজার থানা শাখা জামায়াতের রুকন ছিলেন। পাশাপাশি নগরীর নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।

সোমবার দুপুরে ‘জেন-জেড ময়মনসিংহ’ নামের একটি ফেসবুক গ্রুপে তার ছবি ও একটি ভিডিও প্রকাশ করা হয়। পোস্টে ভিডিওটি নিয়ে বিভিন্ন দাবি করা হয়। একই সঙ্গে জামায়াতের মেয়র প্রার্থী ও মহানগর জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ কায়সারের সঙ্গে ওই নেতার নির্বাচনী প্রচারণার সময়কার একটি ছবিও যুক্ত করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দেওয়া লিখিত অভিযোগে মো. শহীদুল্লাহ দাবি করেন, অজ্ঞাতনামা ব্যক্তি তার ও পরিবারের মানহানি এবং ক্ষতিসাধনের উদ্দেশ্যে তার ও তার স্ত্রীর ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পাদনা করে
ছবি ও ভিডিও তৈরি করেছেন।

মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ওই নেতার ব্যক্তিগত। শহীদুল্লাহর দাবি, ভিডিওটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা হয়েছিল। কীভাবে বা কার মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরও বলেন, বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত মো. শহীদুল্লাহর পদ স্থগিত করা হয়েছে। নৈতিক স্খলনজনিত বিষয় বিবেচনায় দলীয়ভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।