টেলিপাড়ায় আবারও অভিযোগ। শুটিংয়ের ফাঁকে অভিনয়শিল্পীদের ব্যক্তিগত মুহূর্তের গোপন ভিডিওর অভিযোগ তুলেছেন অনেকেই। বিশেষ করে বিরতির সময় সহশিল্পীদের সঙ্গে গল্প, হাসি-আড্ডা কিংবা ব্যক্তিগত আলাপের দৃশ্য গোপনে ভিডিও ধারণ করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছেনে টিভি নাটকের কেউ কেউ। আক্ষেপের স্বরে তারা জানিয়েছেন, অনেকদিন ধরে এমন বিব্রতকর ঘটনার অভিযোগ তুললেও বিষয়টিকে কেউ আমলে নিচ্ছেন না।
এবার এমনই অভিযোগ এনে ফেসবুকে দেয়া এক পোস্টে অভিনেত্রী রেশমা আহমেদ জানান, একটি নাটকের শুটিংয়ে চরিত্রাভিনেতাদের, বিশেষ করে মা-বাবার চরিত্রে অভিনয় করা শিল্পীদের অনেকগুলো দৃশ্যে কাজ করতে হয়। প্রতিটি দৃশ্যের মাঝখানে স্বল্প সময়ের বিরতি পান তারা। সেই সময়টুকুতে চা পান, গল্পগুজব কিংবা সহশিল্পীদের সঙ্গে হাসি-আনন্দে কাটান।
অভিনেত্রী লেখেন, ‘প্রতি সিকোয়েন্সের মাঝখানে হয়তো ১০ মিনিট ব্রেক দেওয়া হয়। তখন আমরা চা খাই, গল্প করি, একটু ফান করার চেষ্টা করি। হাসাহাসি করি। সুখ-দুঃখের কথা বলি। ব্যক্তিগত জীবন, সংসার, সন্তানদের নিয়ে কথা বলি। আর এই ১০ মিনিটের মধ্যেই আমরা পরবর্তী সিকোয়েন্সের জন্য এনার্জি নিয়ে তৈরি হই।’
তার অভিযোগ, শিল্পীদের এই ব্যক্তিগত সময়টুকুও গোপন থাকছে না। শুটিংয়ের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি আড়ালে তাদের ভিডিও ধারণ করছেন। এ ক্ষেত্রে লাইট ও ক্যামেরা সহকারী, মেকআপ সহকারী কিংবা শুটিং দেখতে আসা অতিথিদের কথা উল্লেখ করেছেন তিনি। পরে এসব ভিডিও দিয়ে রিলস তৈরি করে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশ করছেন কেউ কেউ। এমনকি এসব ভিডিও থেকে অর্থ উপার্জনেরও অভিযোগ করেছেন অভিনেত্রী।
রেশমা লেখেন, ‘লাইট এবং ক্যামেরার অ্যাসিস্ট্যান্ট, মেকআপ অ্যাসিস্ট্যান্ট, শুটিংয়ের কোনো গেস্ট অর্থাৎ আমাদের শুটিংয়ের লোকজন আমাদের সেই ব্যক্তিগত বিশ্রামের সময় ভিডিও ধারণ করে লুকিয়ে লুকিয়ে। এবং রিলস বানিয়ে নিয়ে নিজের আইডি থেকে আপলোড দেয়। টাকা ইনকাম করে।’