রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক জাপান সফরের বিভিন্ন দিক রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিশেষ করে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক এবং জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার বিষয়গুলো তুলে ধরেন তিনি। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।

রাষ্ট্রপতি এ সফরে বাংলাদেশ ও জাপানের কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্ব, দেশের জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে জাপানি বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়গুলো গুরুত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এ সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ ও আরও সুদৃঢ় করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। বঙ্গভবনে সাক্ষাৎ করতে আসায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর থেকে চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও একান্ত সচিব-২সহ বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।