দীর্ঘদিন ধরেই নানা রোগে আক্রান্ত ‘রোকযানা’ খ্যাত সংগীতশিল্পী শেখ সাহেদ আলী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংবাদ মাধ্যমে জানিয়েছেন তার বন্ধু এরশাদুল হক। তিনি জানান, তার এই অসুস্থতা অনেকদিনের। চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস-এর ওপর রয়েছেন সাহেদ। গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয় শাহেদকে।
কিন্তু হাসপাতালে ভর্তির পরও বিপদ কাটেনি শিল্পীর। এরশাদুল জানিয়েছেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করেন তিনি। এরপর থেকে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না; ইশারায় মনের ভাব প্রকাশ করছেন। বিপদ আরও বাড়ে যখন পরীক্ষায় সাহেদের ডেঙ্গুও ধরা পড়ে। এতে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে গত ৩১ অক্টোবর একটি হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয় তাকে; পরে সেখান থেকে রাজধানীর আরেকটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করছেন তিনি। ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত এই শিল্পীর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। ১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।