আন্দ্রে রাসেলের শেষ বলে ছক্কা মারতে পারলেন না সাইফ হাসান

নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) দেখা মিলল এক অবিশ্বাস্য রোমাঞ্চকর ম্যাচের। ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের ব্যাট-বলের তাণ্ডবে সাইফ হাসানের লড়াইকে ছাপিয়ে শেষ বলের নাটকে জনকপুর বোল্টসকে ২ রানে হারিয়েছে বিরাটনগর কিংস।

মঙ্গলবার (৩ নভেম্বর) কির্তিপুরের টিইউ আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান সংগ্রাহ করে বিরাটনগর কিংস। ১৭৫ রানের টার্গেটে তাড়া করতে নেমে জনকপুর ২০ ওভারে ৭ উইকেটে ১৭২ রান পর্যন্ত যেতে সক্ষম হয়।
 
ব্যাট করতে নেমে শুরুতেই ১ রানে শেহান জয়াসুরিয়া বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে ১০০ রানের জুটিতে বিরাটনগরকে বড় সংগ্রহের পথ দেখান লোকেশ বাম ও ইমরান শেখ। ইমরান ৫৬ (৪৫ বল) এবং লোকেশ ৫০ (৪০ বল) রান করেন। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন আন্দ্রে রাসেল। মাত্র ২৯ বলে ৫টি ছক্কা ও ২টি চারে অপরাজিত ৫২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি।

১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জনকপুরের শুরুটা মোটেই ভালো হয়নি। মাত্র ৩০ রানের মধ্যেই হারিয়ে বসে ৩ উইকেট। তবে চতুর্থ উইকেটে হাল ধরেন বাংলাদেশের ব্যাটার সাইফ হাসান এবং বিশাল সুশলিং। সাইফ ৪৮ বলে ৫টি বিশাল ছক্কা ও ২টি চারের সাহায্যে ৭১ রানের দায়িত্বশীল ও আগ্রাসী ইনিংস খেলেন। বিশাল ৩০ বলে ৪৩ রান এবং শেষ দিকে জিমি নিশাম ১৫ বলে ২৭ রান করে জনকপুরকে জয়ের একেবারে দ্বারপ্রান্তে নিয়ে যান।
সাইফ হাসান প্রায় জিতিয়ে দিয়েছিলেন দলক

শেষ ওভারে জনকপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান, হাতে ৫ উইকেট। সাইফ হাসান ৬৬ রানে। রাসেলের করা ওভারের প্রথম বলে ১ রান নিয়ে নন স্ট্রাইকিং এন্ডে চলে যান সাই। দ্বিতীয় বলে সদ্য ক্রিজে আসা জনকপুর অধিনায়ক হারমিত সিংকে আউট করেন রাসেল। পরের তিন বলে নতুন ব্যাটার ও সাইফ মিলে ৯ রান নিলে শেষ বলে প্রয়োজন পড়ে ৩ রানের। আগের বলেই বাউন্ডারি হাকানো সাইফ স্ট্রাইকে। কিন্তু রাসেলের শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে বসির আহমদের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ৪৮ বলে ৫ ছক্কায় ৭১ রান করা সাইফ যখন হতাশয় উইকেটে বসে পড়েছেন, রাসেল তখন ম্যাচ জয়ের বুনো উদযাপনে মেতেছেন। 

ব্যাট হাতে অপরাজিত ৫২ রান করার পর বোলিংয়ে ৪৫ রান দিয়ে গুরুত্বপূর্ণ ৪ উইকেট শিকার করে দলের এই রোমাঞ্চকর জয়ের নায়ক ও 'প্লেয়ার অব দ্য ম্যাচ' নির্বাচিত হন আন্দ্রে রাসেল।