শর্তসাপেক্ষে  জব্দ বিও হিসাবের লেনদেনের অনুমতি

অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার এবং শেয়ারবাজারে কারসাজির অভিযোগে অনেকের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টে অবরুদ্ধ করা হয়। দীর্ঘদিন ধরে এসব হিসাবের লেনদেন বন্ধ থাকলেও এবার নির্দিষ্ট কিছু বিও হিসাবে শর্তসাপেক্ষে লেনদেনের সুযোগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।  এসব হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না।

সংশ্লিষ্ট ব্যক্তিদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন এ অনুমতি দিয়েছে। এর ফলে অনুমোদন পাওয়া বিও হিসাব থেকে শেয়ার কেনাবেচা করা যাবে। পাশাপাশি এসব হিসাবে আগে থেকে মার্জিন ঋণ থাকলে তা সমন্বয়ের সুযোগ থাকবে। তবে অর্থ উত্তোলনের ওপর আগের নিষেধাজ্ঞা বহাল থাকছে। 

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেছেন, কিছু ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে কতিপয় বিও অ্যাকাউন্টে শুধু লেনদেন করার সুযোগ দেওয়া হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের টাকা উত্তোলন করা যাবে না। তবে তারা শেয়ারবাজারে লেনদেন করতে পারবেন।

জানা গেছে, সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া এ অনুমতির আওতায় ঠিক কতটি বিও অ্যাকাউন্ট রয়েছে, সে বিষয়ে বিএসইসির মুখপাত্র কোনো সংখ্যা উল্লেখ করেননি।

জানা যায়, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক মন্ত্রী, এমপি ও তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ সামনে আসে। এসব অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব ও শেয়ারবাজারে থাকা বিও হিসাব অবরুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়।