গাজীপুরে থাপ্পড়কাণ্ড: শাহজালাল রুমিকে আত্মসমর্পণের নির্দেশ

গাজীপুরের টঙ্গীতে এক মাদরাসা ছাত্রীকে (৭) চুমু দেওয়ার অভিযোগে শিক্ষককে থাপ্পড় এবং মাদরাসা ভাঙচুরের অভিযোগে করা মামলার আসামি শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান, বেল্লাল হোসেন ও রুহুল আমীন মোল্লা (হাসান)।

গত ২৪ অক্টোবর শুক্রবার গাজীপুরের টঙ্গীর আওচপাড়া এলাকায় অবস্থিত ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বহিরাগতদের নিয়ে প্রবেশ, শিক্ষককে মারধর, মাদরাসার অফিসকক্ষ ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগে মামলা হয়।

মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আলমাস হোসেন বাদী হয়ে শাহজালাল রুমির বিরুদ্ধে মামলাটি করেন।

অন্যদিকে সাত বছর বয়সী ছাত্রীকে চুমু দেওয়া ও যৌন নিপীড়নের অভিযোগে পরিবারের করা মামলায় অভিযুক্ত শিক্ষক মুসলেম উদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।